আর্কাইভ
ads
logo

'মুজিবনগর দিবস কারও একার না': কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ এ.এম
'মুজিবনগর দিবস কারও একার না': কাদের সিদ্দিকী

ছবি : সংগৃহীত

ads

মুজিবনগর দিবস কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের একক সম্পত্তি নয় বরং এটি সকল মত ও পথের মানুষের সর্বজনীন একটি দিন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শুক্রবার টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার কিংবা বর্তমান বিরোধী দল—সবাই এই দিবসের অংশীদার, তারা দিবসটি পালন করুক বা না করুক। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, মুজিবনগরে সরকার গঠিত না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তাই এটি নির্দিষ্ট কোনো দলের দিবস এমনটি ভাবার কোনো অবকাশ নেই। তিনি আক্ষেপ করে বলেন, বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার প্রকৃত তাৎপর্য এখনো অনেকেই সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না। তার মতে, স্বাধীনতা কোনো দলীয় বিষয় নয় বরং এটি সমগ্র জাতির একটি সামগ্রিক অর্জন।

নিজের রাজনৈতিক আদর্শ তুলে ধরে বঙ্গবীর বলেন, মানুষের সেবা ও পাহারাদার হওয়ার লক্ষ্য নিয়ে তিনি কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সাথে তার দলের কোনো দূরত্ব নেই দাবি করে তিনি বলেন, তার দল মূলত বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর দেখানো পথেই পরিচালিত হচ্ছে। তিনি নিজেকে সেই আওয়ামী লীগেরই সদস্য হিসেবে গণ্য করেন যা বঙ্গবন্ধু ও মওলানা ভাসানী গড়ে তুলেছিলেন।

ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, মুক্তিযুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বাহান্নর ভাষা আন্দোলন না হলে ছয় দফা আসত না এবং ছয় দফার ধারাবাহিকতায় এগারো দফা আন্দোলন না হলে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবের মুক্তি মিলত না। মূলত ঊনসত্তরের গণ-আন্দোলনের ফলেই বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ফাঁসি দিতে পারেনি এবং সত্তরের নির্বাচনে মানুষ তাকে বিপুল সমর্থন জানিয়েছিল।

একই সভায় বিএনপি নেতা তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, দীর্ঘ সময় পর তাকে দেখে এবং তার কথা শুনে ভালো লেগেছে। তারেক রহমানের বক্তব্যে শালীনতা, গভীরতা এবং জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ